বান্দরবানে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে এক লাখ ৩৫ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরুণের নাম আনোয়ার হোসেন (২২) ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আনোয়ার পরিবারসহ মিয়ানমার থেকে এসেছেন।

আলমগীর হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ির প্রত্যন্ত এলাকা বৈদ্যছড়ায় অভিযান চালিয়ে আনোয়ারকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।'

'গত শুক্রবার একজন স্থানীয় ব্যক্তিকেও এক লাখ ৭১ হাজার ইয়াবাসহ সোনাইছড়ির মরেগ্যা পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে,' তিনি যোগ করেন।