বিধিনিষেধ অমান্য: ফরিদপুরে ৭৩ জনকে জরিমানা, ৬৯ যানবাহন জব্দ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে ফরিদপুরে ৭৩ জনকে ৪৩ হাজার ৩৪০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় এই জরিমানা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদপুর সদরে ১২ জনকে দুই হাজার ২৩০, নগরকান্দায় ১৪ জনকে আট হাজার পাঁচ শ, ভাঙ্গায় নয় জনকে চার হাজার ৩০০, সালথায় নয় জনকে তিন হাজার ৫০০, সদরপুরে ১১ জনকে নয় হাজার ৬০০, বোয়ালমারীতে ১৩ জনকে ১২ হাজার ৫০০ টাকা ও মধুখালীতে পাঁচ জনকে দুই হাজার ৮০০ টাকাসহ মোট ৭৩ জনকে ৪৩ হাজার ৪৩০ টাকা জরিমানা করা হয়। কঠোর বিধিনিষেধ লঙ্ঘনের অপরাধে উল্লেখিত উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

তিনি আরও জানান, সে সময় মোটরসাইকেল, ইজিবাইক, মাহেন্দ্রসহ মোট ৬৯টি যানবাহন জব্দ করা হয়। এর মধ্যে ভাঙ্গা পুলিশ সাতটি, সদরপুর পুলিশ ১০টি, নগরকান্দা পুলিশ তিনটি, কোতোয়ালী পুলিশ ১৯টি, ট্রাফিক পুলিশ ২০টি ও ডিবি পুলিশ ১০টি গাড়ি জব্দ করে।

মো. তরিকুল ইসলাম বলেন, 'কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে ফরিদপুর জেলায় ১৬টি চেকপোস্ট রয়েছে। বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করেছ ২৯টি ভ্রাম্যমাণ আদালত। এ কাজে পুলিশের পাশাপাশি সেনা সদস্য, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা সাহায্য করছেন।'