বেনাপোলে আমদানি নিষিদ্ধ ওষুধসহ কাভার্ড ভ্যান আটক

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা বৈধ পণ্যের সঙ্গে আমদানি নিষিদ্ধ ওষুধসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

আজ বুধবার বিকেলে বেনাপোল বন্দর কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) দলের সদস্যরা কাভার্ড ভ্যানটি আটক করেন।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শুল্ক-কর পরিশোধ না করে বন্দর থেকে একটি ট্রাক  ৩০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার করার সময় ট্রাকটি আটক করা হয়েছে।'

তিনি জানান, বন্দরের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমানের নেতৃত্বে আইআরএম টিমের সদস্যরা ওষুধের চালানটি আটক করেন।

পাচারকারী চক্রের মূল হোতাদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

কাস্টমস সূত্র জানায়, বন্দর দিয়ে কাভার্ড ভ্যানে আমদানি নিষিদ্ধ ওষুধের চালান পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে ডেপুটি কমিশনার শামীমুর রহমান অভিযান চালান। অভিযানে কাভার্ড ভ্যানসহ ওষুধ জব্দ করা হয়।

তবে, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।