বোনকে উত্ত্যক্ত, বিচার চাওয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলে যাতায়াতের পথে বোনকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন ওই স্কুলশিক্ষার্থীর বাবা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৩ ভাই হলেন- হাসান মাহমুদ (৩২), অলি উল্লাহ (২২) ও আসাদুল্লাহ (১৮)।

তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয়দের বরাতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো একই এলাকার কাজল মিয়ার কিশোর (১৪) ছেলে। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে বিচার চাইলে তারা সালিশের কথা বলেন।'

'সালিসের কথা শুনেই ওই কিশোর দলবল নিয়ে শুক্রবার রাতে স্কুলছাত্রীর বাসায় হামলা চালায়। এ সময় তার ৩ ভাই বাধা দিলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা বাড়িঘর ও ফার্মেসিতেও ভাঙচুর করেছে,' বলেন ওসি।