ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মারা গেছেন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান বলে জানান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।
এ নিয়ে গুলিবিদ্ধ হয়ে সেখানে ২ জন মারা গেলেন।
নিহত এরশাদুল হক (৩৫) নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
এর আগে গতকাল রাত ১০টার দিকে এরশাদসহ ২ জন ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নাটঘর গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলের চালকের আসনে বসা বাদল সরকার (২৩) মারা যান। নিহত বাদল সরকার একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে জানান, ওই ইউনিয়নের কুড়িঘর বাজারে আয়োজিত ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুঁড়লে চালকের আসনে থাকা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্বৃত্তরা এ সময় পেছনে বসা এরশাদকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ এরশাদকে উদ্ধার করে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা এরশাদকে ঢাকায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর আগেই নরসিংদীতে এরশাদুল মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী হায়দার আল রাজি ওসমানী দ্য ডেইলি স্টারকে জানান, নিহত এরশাদুলের শরীরে ৩টি গুলির চিহ্ন ছিল। তিনি ডান কাঁধে, ঘাড়ের ওপরে এবং বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে এই গুলি অপসারণ করতে হবে বলে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাবার স্থলাভিষিক্ত হতে এরশাদুল হক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কুড়িঘর বাজার এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া চেয়েছিলেন এরশাদুল।