ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মোরশেদ আলম রুবেলের (৩৫) বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার আটিয়াবাড়ী এলাকায়। শুক্রবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রুবেলের সঙ্গে ৫ মাস আগে মুঠোফোনে ওই গৃহবধূর পরিচয় হয়। পরে তিনি কৌশলে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে ৮৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন।'

'আরও টাকা দিতে চাপ দেওয়ায় ওই নারী নোয়াখালী পুলিশ সুপার নোয়াখালীর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন,' বলেন তিনি।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, 'ডিবি পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে রুবেলকে গ্রেপ্তার করেছে। তার হাতিয়ে নেওয়া ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল ও মোবাইল ফোন জব্দ করা হয়।'

এ ঘটনায় আজ শনিবার সকালে ওই নারী পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন বলে জানান এসপি।