ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট 

বাগেরহাটের মোরেলগঞ্জে নিপীড়নের শিকার হয়ে এবং তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট করায় দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

স্কুল ছাত্রীর বাবার দাবি, শিশির বিশ্বাস (২৩) ও তমাল দাসের (২২) মানসিক নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ ঘটনায় শিশির বিশ্বাস ও তমাল দাসকে আসামি করে মোরেলগঞ্জ থানায় গতকাল সোমবার বিকালে একটি মামলা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশির ও তমাল সেই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতো, আপত্তিকর প্রস্তাব দিতো। তাতে সেই শিক্ষার্থীকে রাজি না হওয়ায় শিশির ও তমাল ফেসবুকে শিক্ষার্থীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলে। সেই  আইডি থেকে শিশির ও তমাল  আপত্তিকর পোস্ট দিতে থাকে। মানসিক চাপ সহ্য না করতে পেরে গত ১৮ জুলাই দুপুরে বিষ পান করে সেই শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার সময় বোটপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সের ভেতর তার মৃত্যু হয়।

সেই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিশির ও তমাল পলাতক আছেন।

শিক্ষার্থীর বাবা বলেন, 'আমার মেয়েকে শিশির ও তমাল বাঁচতে দিলো না। তারা আমার মেয়েকে নানাভাবে বিরক্ত ও মানসিক নির্যাতন করতো। তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে বিষ খেয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।'

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, 'ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল সোমবার বিকেলে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ঘটনার পর থেকে শিশির ও তমাল পলাতক আছেন।'