মানিকগঞ্জে কলেজছাত্রীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শরীফ মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার রাতে উপজেলার বালিয়াখোড়া এলাকায় দ্বিমুখা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ কলেজছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সদস্য মিরান খাঁন বলেন, কলেজছাত্রী এক সময় আসামির কন্যার গৃহশিক্ষক ছিলেন। আসামি দুই সন্তানের জনক। কলেজছাত্রীর পারিবারিকভাবে দক্ষিণ আফ্রিকা প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। তবে তিনি লেখাপড়ার সুবিধার্থে বাবার বাড়িতে থাকেন।
মিরান খাঁন আরও বলেন, মেয়েটির পরিবারের অভিযোগ, আসামি মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন তারা বাড়ির পাশে দেখা করে এবং শরীফ মিয়া ওই কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শরীফ পালিয়ে যান। দগ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল এবং পরবর্তীতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে পাঠানো হয় ঢাকায়।
রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।