মা-ছেলেকে অপহরনের মুক্তিপণ আনতে গিয়ে সিআইডির এএসপিসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণের ঘটনায় সিআইডির এক এএসপি, এএসআই, কনস্টেবলসহ চার জন আটক হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে অপহরণের ২০ ঘণ্টা পর অপহৃতদের দিনাজপুরের দশমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেখানেই ওই চার জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) সারোয়ার কবির সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান উল ফারুক ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক। আটকের পর চার জনকে চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান আটক চার জনের পরিচয় দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। আর অপহৃতদের উদ্ধারের কথা নিশ্চিত করেছেন, দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তবে এ ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে এখনই কিছু জানাতে রাজি হননি এসপি আনোয়ার হোসেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের ব্যাপারে জানানো হবে।

আজ বেলা তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মা ও ছেলে এবং আটক চার জনকে দিনাজপুরে পুলিশ সুপারের অফিসে রাখা হয়েছিল।

অপহৃতদের পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে চিরিরবন্দর উপজেলার সলেমানশাহ গ্রামে লুৎফর রহমানের বাসায় সাত-আট জন সিআইডির পরিচয় দিয়ে বাড়ির মালিককে খুঁজছিলেন। তারা সবাই সাদা পোশাকে ছিলেন।

লুৎফর রহমানকে না পেয়ে তারা তার স্ত্রী জহুরা বেগম (৫০) ও ছেলে জাহাঙ্গীর আলমকে (২৮) তুলে নিয়ে যায় এবং পরে মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের পক্ষ থেকে চিরিরবন্দর থানায় বিষয়টি জানানো হলে, প্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার বিকেলে দশ মাইল এলাকায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। সেখানে সাদা পোশাকে পুলিশ, পরিবারের লোকজন মুক্তিপণের টাকা নিয়ে হাজির হয়ে মাইক্রোবাসে থাকা মা ও ছেলেকে উদ্ধার করে এবং সিআইডির তিন সদস্য ও মাইক্রোবাস চালককে আটক করে।