কলেজশিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনা মামলা: আদালত চালু হলে শুনানি
নিয়মিত আদালত বন্ধ থাকায় কলেজশিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে গুলশান থানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হচ্ছে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) সাধারণ নিবন্ধন শাখার নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিয়মিত আদালত চালু হওয়ার পরে শুনানির নতুন তারিখ নির্ধারিত হবে এবং পুলিশের জমা দেওয়া প্রতিবেদন গৃহীত হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
মামলার বাদী নুসরাত জাহান তানিয়া ডেইলি স্টারকে বলেন, পুলিশের জমা দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে আমি নারাজি আবেদন করবো এবং বিচারের জন্য সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়ে যাব।
তিনি আরও বলেন, 'আমি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। প্রতিবেদন জমা দেওয়ার আগে তারা আমার সঙ্গে যোগযোগ করেননি।'
গত ১৯ জুলাই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসান কলেজশিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।