যশোরের শার্শায় শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাগর হোসেন (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

মেয়েটির বাবার দায়ের করা মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল মেয়েটি। সে সময় গ্রেপ্তারকৃত সাগর, সুমন (১৮) ও পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার নাহিদ হাসান (২৫) মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করে।

মেয়েটির বাবা বলেন, 'আমি গরিব ভ্যানচালক হওয়ায় ওরা আমাকে ঘটনা জানাজানি করলে জীবননাশের হুমকি দেয়। সোমবার রাতে সামাজিক বিচারের নামে গ্রামের প্রভাবশালীরা আমাকে একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।'

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মেয়েটিকে একমাত্র সাগরই ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অন্য দুজন তার সহযোগী ছিল।'