যশোরে চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামের এক চা দোকানি নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আকবর হোসেনের ছেলে।

নিহতের ভাই চন্দন হোসেন জানান, সাব্বির হোসেনের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় একটি চায়ের দোকান আছে। আজ দুপুরে চায়ের দোকানে বেচাকেনা করার সময় দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, সাব্বিরকে হাসপাতালে ভর্তির আগে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'