যৌতুকের জন্য স্ত্রীর চুল-ভ্রু কেটে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর মাথার চুল ও চোখের ভ্রু কেটে নির্যাতনের অভিযোগে স্বামীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১২ এর অধিনায়ক মেজর মুশফিকুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামী মেহেদি হাসান সুজনকে ঢাকা থেকে এবং বাকি দুই জনকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ আছে। গ্রেপ্তার অন্য দুজন হলেন সুজনের ভাই মো. সুমন ও মা ময়না বেগম।

শাহজাদপুর উপজেলার খাস সাতবারিয়া গ্রামে তাদের বাড়ি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহামুদ জানান, বিয়ের পর থেকেই কয়েক বছর ধরে মিনুকে যৌতুকের জন্য নির্যাতন করা হচ্ছিল। ১৬ ডিসেম্বর মিনুকে রাতভর নির্যাতন করে তার মাথার চুল ও চোখের ভ্রু কেটে ঘরে ফেলে রাখা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রোববার তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মামা আতিকুল ইসলাম বাদী হয়ে স্বামীসহ চার জনকে আসামি করে শাহজাদপুর থানায় যৌতুকের জন্য নির্যাতন ও সম্মানহানির অভিযোগে সোমবার রাতে মামলা করেন।