রামপুরায় মাইনুদ্দিনকে চাপা দেওয়া বাসের হেলপার গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার রাত ১০টার দিকে জন্মদিনে রামপুরা বাজার এলাকায় অনাবিল বাসের চাপায় প্রাণ হারায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। সে ২০০২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করে। ৩ ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

মাইনুদ্দিনের বাবা ও পূর্ব রামপুরার মোল্লা বাড়ি এলাকায় চায়ের দোকানদার আবদুর রহমান ভান্ডারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল দুপুরে খাওয়ার পর ছেলে জানালো যে তার পরীক্ষা ভালো হয়েছে। সে ভালো কলেজে পড়তে চেয়েছিল।'

মাইনুদ্দিনের মা রাশেদা বেগম বলেন, 'ছেলেটা আমার জন্মদিনেই মারা গেল।'