রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে পরীমনিকে

স্টার অনলাইন রিপোর্ট

মাদক মামলায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমনিকে আদালতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এ ছাড়া, পরীমনির বিরুদ্ধে করা মামলার আরেক অভিযুক্ত তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকেও পুলিশ আদালতে হাজির করেছে।

pori_cmm_10aug21.jpg
আজ মঙ্গলবার দুপুরে চিত্রনায়িকা পরিমনিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

আজ মঙ্গলবার দুপুরে উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চাইবে।

সূত্র জানিয়েছে, দুপুরে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তাদের তোলা হবে।

আদালত সূত্র আরও জানায়, মাদক মামলায় পরীমনি ও দীপুর পাঁচ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তাফা। এ ছাড়া, মাদক মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. গিয়াস উদ্দিন রাজ ও সবুজ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়েছেন। পর্নগ্রাফির মামলায় গুলশান থানার উপপর্দশক সোহেল রানা রাজ ও সবুজের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন।

pori1_cmm_10aug21.jpg
আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরিমনির নানা ও খালু। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

গত বৃহস্পতিবার রাতে আদালতে হাজির করা হলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। 

অন্য একটি মাদক মামলায় একই আদালত নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলী দুজনের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে দেন।

৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অভিযানে পরীমনির বনানীর বাড়ি থেকে বিদেশি মদ পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন
৪ দিনের রিমান্ডে পরীমনি