লকডাউনে বৌভাত, বরের পরিবারকে জরিমানা ও খাবার জব্দ
মানিকগঞ্জে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় বরের পরিবারকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে রান্না খাবার জব্দ করে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার উজ্জ্বল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, 'বৌভাতের আয়োজনের খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে আমি ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করি। সেখানে গিয়ে দেখি প্রায় ১২০জন লোকের খাবারের আয়োজন, প্যান্ডেল সাজানো হয়েছে। লোকজন বসে খাবার খাচ্ছেন। ৬০ ভাগ খাবার খাওয়ানো শেষ এবং ৪০ ভাগ খাবার অবশিষ্ট আছে। আশপাশে আরও মানুষের সমাগম ছিল।'
তিনি আরও বলেন, 'পরে লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি, রান্না করা খাবার জব্দ করে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।'
লকডাউন চলাকালে যে কোনো ধরনের গণজমায়েত পরিহার করতে অনুরোধ জানান তিনি।