লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: ফাঁসির আদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি শাহ আলম রুবেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল বাশার বলেন, আসামি রুবেলের উপস্থিতিতে আদালত রায় দেন। আদেশে আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। অভিযুক্ত অপর আসামি বোরহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
আদালত ও এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ মার্চ নিখোঁজ হয় আট বছরের শিশু। তিন দিন পর ২৬ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই তার মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পান ময়নাতদন্তকারী চিকিৎসক।
মামলার তদন্ত করে ২০১৮ সালের ১ এপ্রিল আসামি রুবেল ও তার সহযোগী বোরহানকে গ্রেপ্তার করে পুলিশ। জবানবন্দিতে রুবেল জানায়, আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাসায় এনে ধর্ষণের পর হত্যা করে শিশুটিকে।