শরীয়তপুরে লকডাউন না মানায় ১১৫ মামলা, ৬৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১৫টি মামলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজনকে ৬৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।

গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব মামলা ও জরিমানা করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ পারভেজ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ডেইলি স্টারকে জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে সাত দিনের লকডাউন চলমান রয়েছে। কেউ যেন সরকারি বিধিনিষেধ অমান্য করতে না পারে, সেজন্য সম্মিলিতভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘কেউ যেন অভুক্ত না থাকেন সেজন্য আমাদের ৩৩৩ নম্বর জনগণের সেবায় সবসময় প্রস্তুত রয়েছে। এ নম্বরে ফোন করলেই তাদের খাদ্য-সহায়তা পৌঁছে দেবে শরীয়তপুরের জেলা প্রশাসন।’

করোনার চলমান সংকট মোকাবিলা করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছ থেকে শরীয়তপুর জেলার ত্রাণ কার্যালয়ে ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা ও ১৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দিপ ঘরাই ডেইলি স্টারকে জানিয়েছেন, মূলত যারা অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছিলেন, মাস্ক পরেননি, রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করছিলেন এবং অনুমতি ছাড়া যারা ঢাকা থেকে জেলা শহরে প্রবেশ করেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে।