শাওন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যুবকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
যশোর শহরে শাওন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনি (২০) নামের এক যুবকের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাতে যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অনির মা রওশন আরা বেগম বলেন, 'স্থানীয় শতাধিক মানুষ মুখে মাস্ক পরে আমাদের বাড়িতে হামলা করে। তারা কুপিয়ে ঘরের টিন কেটে ঘরের মালামাল ভাঙচুর করে এবং গ্যাস সিলিন্ডারের লাইন খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।'
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।'
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক সুমন ভক্ত বলেন, 'পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাওন হত্যাকাণ্ডের ঘটনার জের ধরেই হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবকিছু বিবেচনায় রেখে তদন্ত করছে পুলিশ।'
যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ইসলাম বলেন, 'শাওন হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।'
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান শাওন।