শিবচরে ইলিশ ধরায় ৫১ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৫১ জেলেকে ১ বছরের কারাদণ্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে আজ সকাল ১১টা পর্যন্ত শিবচরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবচর উপজেলা জৈষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম দ্য ডেইলি স্টারকে জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান আজ দুপুর ১টার দিকে আটকৃতদের এই দন্ড দেন।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরার ওপর সরকারি বিধিনিষেধ চলমান আছে। আজ এই নিষেধজ্ঞার ৯ম দিন চলছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন ইলিশ মাছের প্রজননের সময়। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষেধ। কিন্তু জেলেরা লুকিয়ে মাছ ধরার জন্য পদ্মা নদীতে যাচ্ছে। এ জন্য তারা শেষ রাতের সময়টি বেছে নিচ্ছে।'
রকিবুল হাসান জানান, মা ইলিশ ধরা বন্ধে জেলা প্রশাসনসহ শিবচর উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি ও বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ৫৫ হাজার মিটারের বেশি কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দান করা হয়েছে জানিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'মা ইলিশ সংরক্ষণে অভিযান আরও বেগবান করা হবে।'