শ্যামপুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হরিচাদ হাজরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এদিন ভোর ৪টার দিকে শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা গলির মোহাম্মদ হোসেন টিটুর বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পেটে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
হরিচাদ হাজরা বলেন, 'ভোরে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখি। যুবকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে এবং গলা কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। তার পরনে ছিল সাদা কালো স্যান্ডো গেঞ্জি ও সাদা জিন্সের প্যান্ট। স্থানীয়দের কাছে জানতে চাইলে, কেউ তার পরিচয় দিতে পারেনি।'
'ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যার পরে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে'— বলেন তিনি।