শ্যামলীতে মোটরসাইকেল শো-রুমে ডাকাতি, আহত ২ 

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেল শো-রুমে ঢুকে দুই কর্মীকে কুপিয়ে আহত ও প্রায় ৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ডাকাতি হয়। 

আহত দুই কর্মী হলেন, ওয়াদুদ সজিব (২৭) ও নুরুন্নবী হাসান (২৬)।  ডাকাতরা সজিবের বাম পায়ে ও হাসানের বাম কাধে চাপাতি দিয়ে কুপিয়েছে।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শো-রমের মালিক আব্দুল খালেক।  

খালেক এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭-৮ জন ছিনতাইকারী আমার দোকানে আসে। তাদের কয়েক জন দোকানের সামনে দাঁড়ায় এবং বাকিরা ভেতরে ঢুকে কর্মীদের চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ ছাড়া, তারা দোকান থেকে প্রায় ৫ লাখের মতো টাকা নিয়ে পালিয়ে যায়।' 

শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ রকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ঘটনায় দুজন আহত ও সাড়ে ৪ লাখের বেশি টাকা ছিনতাই হয়েছে।' 

এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।