শ্রীপুরে দোকানে অগ্নিসংযোগ: ৪ দিন পর ৩ দগ্ধের একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পেট্রোল ঢেলে দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ তিন জনের একজন সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় মারা গেছেন। নিহত আরিফ হোসেন (২৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালি গ্রামের জজ মিয়ার ছেলে।

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে গত ২২ জুলাই বৃহস্পতিবার রাত ৯টায় বাক-বিতণ্ডার জেরে উপজেলার তেলিহাটি চৌরাস্তায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার চারদিন পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। নিহতের ভাই সাখাওয়াত হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।   

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার, তার ভাই মোফাজ্জল সরকার এবং তাইজু সরকারসহ তাদের ১০-১২ জন সহযোগী।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত ২২ জুলাই বৃহস্পতিবার রাত ৯টায় তেলিহাটি চৌরাস্তার ভাই ভাই ট্রেডার্স থেকে একটি গ্যাস সিলিন্ডার কেনা নিয়ে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার এসে দোকানে হামলা চালায়। তারা দোকানের ক্যাশ বক্সসহ আসবাব ভাঙচুর করে। একপর্যায়ে ক্যাশ বক্সের ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা লুট ও পেট্রল ঢেলে দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকান মালিক ও তার তিন ভাই দগ্ধ হন। এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে ২৩ জুলাই শুক্রবার সকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাতে আরিফ মৃত্যুবরণ করেন। 

অভিযুক্ত তোফাজ্জল সরকার বলেন, 'আমার ছেলে গ্যাস সিলিন্ডার নিয়ে ৯০০ টাকা দাম দেয়। আমি সন্ধ্যায় তেলিহাটি চৌরাস্তায় যাওয়ার পর দোকান মালিক মোজাম্মেল আমার কাছে এক হাজার ৫০ টাকা দাবি করেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাকে মারধর করে। তারা নিজেরা দোকানের মালামাল ভাঙচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে।'