শ্রীপুরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া নতুনবাজার (নয়নপুর) এলাকা থেকে ৮ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশিদা নেত্রকোণা জেহলার পূর্বধলা উপজেলার আন্দা গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। রাশেদ মিয়া শ্রীপুরের দক্ষিণ ধনুয়া (নয়নপুর) এলাকার জাফর আহমেদের বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় চা-পান বিক্রেতা।
শিশুর বাবা রাশেদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাশিদাকে ঘরে রেখে বাড়ির পাশেই নিজের চায়ের দোকানে যাই। পৌনে ৭টায় দ্বিতীয় স্ত্রী লিপা বাইরে থেকে বাসায় ফিরে ফ্যানের সঙ্গে রাশিদার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে পুলিশকে সংবাদ দেয়।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ডেইলি স্টারকে বলেন, 'শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করে ঘটনা তদন্ত করা হচ্ছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।'
শিশুর মা শেফালী বেগম ডেইলি স্টারকে বলেন, 'গত কোরবানির ঈদের পর রাশিদাকে স্কুলে পড়ানোর কথা বলে তার বাবা নিয়ে যায়। সতীন লিপা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।'
লিপা ওই অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।