সিনহা হত্যা মামলা: তৃতীয় দফায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সোয়া ১০টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ টানা ৩ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হবে এবং সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করবেন আদালত।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। আজ সাক্ষ্য দিচ্ছেন সেনাবাহিনীর সার্জেন্ট আইয়ুব আলী। তিনি মামলার ১২ নম্বর সাক্ষী। আদালতে হাজির আছেন মামলার ১৫ জন আসামি। এর আগে, গতকাল পর্যন্ত ৩ দফায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এর আগে, সকাল সাড়ে ৯টায় কড়া পুলিশ পাহারায় প্রিজনভ্যানে করে আসামিদের কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।