হাইকোর্টে জামিন আবেদন করেছেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার পরীমনির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।
আবেদনে আইনজীবী বলেন, মহানগর দায়রা জজ আদালত কোনো ধরনের যুক্তি ছাড়াই জামিন আবেদনের শুনানি স্থগিত রেখেছেন।
হাইকোর্ট সূত্র জানিয়েছে, আবেদনে হাইকোর্ট থেকে জামিনও চেয়েছেন পরীমনি। আগামীকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে থেকে এই আবেদনের শুনানি হতে পারে।
এর আগে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ এই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।