হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ

স্টার অনলাইন রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সুনির্দিস্ট অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

হেলেনা জাহাঙ্গীরের আইনজীবি জেডআই খান পান্না দ্য ডেইলি স্টারকে বলেন, বার্ষিক ছুটি শেষ হলে আবারও জামিন আবেদন করা হবে।

গত ৩০ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‍্যাব অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।