২ দিনের রিমান্ড শেষে পরীমনি আদালতে

স্টার অনলাইন রিপোর্ট

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

গত ১০ আগস্ট ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। এর আগে ৫ আগস্ট রাতে এই মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার অভিযানে তার বনানীর বাসা থেকে বিদেশি মদ পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গত ১০ আগস্ট ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে মাদক মামলায় দুই দিন ও পর্নগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, তাদেরও আজ আদালতে হাজির করা হয়েছে।

আরও পড়ুন
মাদক মামলায় পরীমনি ও দীপু আরও ২ দিনের রিমান্ডে

রাজ ও সবুজ আলী ২ মামলায় ৬ দিনের রিমান্ডে