৭৩ কোটি টাকা আত্মসাৎ: চিটাগং ইস্পাতের ২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আইএফআইসি ব্যাংকের ৭৩ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চিটাগং ইস্পাত গ্রুপের ২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন-চিটাগং ইস্পাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ এবং গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম।
ওই ২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশকে আদেশ দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম ইস্পাত আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৭৩ কোটি ৩৬ লাখ টাকা ঋণ নিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ একাধিক নোটিশ দিলেও ঋণ পরিশোধ করেনি।
আদালত সূত্র জানায়, ২০১২ সালে ব্যাংক কর্তৃপক্ষ ওই ঋণের টাকা আদায়ে সহায়তা চেয়ে চট্টগ্রাম অর্থঋণ আদালতের শরণাপন্ন হয়।