বরিশালে সহিংসতা

৯ আ. লীগ-বিসিসি কর্মীর জামিন মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল সদর উপজেলায় সংঘটিত সহিংস ঘটনায় গ্রেপ্তারকৃত নয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্মীর জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এই জামিন আদেশ দেন।

আদালতের জিআরও খোকন চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস ডেইলি স্টারকে বলেন, 'আদালত দুই মামলায় নয় জনের জামিন দিয়েছেন।'

'জামিনকৃতদের মধ্যে ইউএনও'র দায়ের করা মামলায় তিন জন ও পুলিশের দায়ের করা মামলায় নয় জনের জামিন মঞ্জুর হয়েছে।'

'দুই মামলায় ১২ জনের জামিন হলেও তিন জন উভয় মামলায় রয়েছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সেই হিসাবে প্রকৃতপক্ষে নয় জনের জামিন হয়েছে।'

তবে জামিনকৃতদের মধ্যে কত জন আওয়ামী লীগ নেতাকর্মী ও কতজন বিসিসি কর্মী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ১৮ আগস্ট রাতে সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে ইউএনও কমপ্লেক্সের নিরাপত্তা-কর্মী আনসারদের গুলিবর্ষণ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় ১৯ আগস্ট এ ব্যাপারে ইউএনও ও পুলিশের পক্ষ থেকে মোট ১২২ জনের নামে ও পাঁচ শতাধিক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

এর তিন দিন পর আদালতে ইউএনও, দুই পুলিশ ও পাঁচ আনসারসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে পাল্টা নালিশি মামলা করা হয় আওয়ামী লীগের নেতা ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তার পক্ষ থেকে।

আদালত এ দরখাস্ত গ্রহণ করে তদন্তের মাধ্যমে এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার আদেশ দেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

এ বিষয়ে গত ২২ আগস্ট রাতে মেয়র, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক হয়। ঘটনাটিকে 'ভুল বোঝাবুঝি' হিসেবে উল্লেখ করে বিসিসি বিবৃতি দেয়।

এর আগে ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।