খুলনায় লকডাউন অমান্য করায় ৩৮ জনকে ১৮,৬৫০ টাকা জরিমানা
চলমান লকডাউনের দ্বিতীয় দিনে খুলনায় কোনো কারণ ছাড়াই বাইরে বের হওয়ায় ৩৮ জনকে ১৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা মহানগর ও বিভিন্ন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
মহানগরে আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসাররা এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ও করোনাকালীন বিধিনিষেধ অমান্য করার দায়ে ৩৮ জনকে ১৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, খুলনা মহানগরীতে সাতটি টিম কাজ করছে। জেলার নয়টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডের নেতৃত্বে দুটো করে টিম কাজ করছে।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গতকাল থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সারাদেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। লকডাউনের নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করছে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।