আগামী নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো দেশীয় শক্তি বা চক্রান্তকারী ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। সবার অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'আ. লীগ গণতান্ত্রিক দল, সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আ. লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে।'

কৃষিমন্ত্রী বলেন, 'একইসঙ্গে আমরা আশা করি- আন্তর্জাতিক বিশ্ব বা সামরিক ও অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী দেশ হোক তারা কোনোভাবেই যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না, এটিই স্বাভাবিক; এটিকে আমরা অভিনন্দন জানাই। সকলের কাছে এটিই প্রত্যাশা করি। কোনো দেশের কোনো রকম হস্তক্ষেপ আমরা মেনে নেব না।'

আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, 'কিন্তু তাদের মনে রাখতে হবে- দেশের জনগণ সব ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলাক আমি মনে করি- এ দেশের মানুষ তা মোকাবিলা করবে। নির্বাচন ছাড়া ষড়যন্ত্র করে বা চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না।'