আপনাকে লাল কার্ড দেখানো হবে: ওবায়দুল কাদেরকে কাদের মির্জা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা হলরুমে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে ইউপি নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে কাদের মির্জা ৭ম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, 'ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জের ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। এবার আপনাকেও লাল কার্ড দেখানো হবে। স্মরণ রাখবেন ওবায়দুল কাদের সাহেব, আপনি আপনার স্ত্রীর কথায় কোম্পানীগঞ্জের ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।'

কাদের মির্জা বলেন, 'কোম্পানীগঞ্জে দলীয় প্রতীক বিহীন ইউপি নির্বাচন হয়েছে। এটাও একটা চক্রান্ত-ষড়যন্ত্র। ওবায়দুল কাদের সাহেব মূলত তার ভাগনেদের জেতানোর জন্য এ পদক্ষেপ নিয়েছেন। ভোটের আগের দিন আমার কাছে খবর এলো ৩ ভাগনেকে জেতাতে হবে। এটা উনার (ওবায়দুল কাদের) নির্দেশ।'

'ডিসি-এসপিকে যে ভাবে বলে দেওয়া হয়েছে, তারা সে মোতাবেক কাজ করেছেন। আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিষয়টা জানানো হয়েছে। ওনার নাকি সিদ্ধান্ত জামাতের ৩ প্রার্থীকে হারাতে হবে। এ ২টি পরিকল্পনা নিয়ে প্রশাসন নির্বাচন শুরু করে,' যোগ করেন তিনি।

সভায় কাদের মির্জা আরো বলেন, 'চরফকিরা ইউনিয়নে আগের রাতে ভোট নিয়ে নেওয়া হয়েছে। পরের দিন এটা ছিল আইওয়াশ। আগের দিন রাতে প্রশাসন কীভাবে ভোট নেয় আমি দেখছি।'

এ সময় কাদের মির্জা তার অনুসারীদের নিয়ে নতুন উদ্যোমে কাজ করার ঘোষণা দেন।

এ বক্তব্যের বিষয়ে কাদের মির্জার মন্তব্য জানতে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

নির্বাচনে অনিয়ম নিয়ে কাদের মির্জার অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে নোয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের ব্যবস্থা করেছি। ভোটাররা যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেটা আমাদের জানার বিষয় না। কেউ যদি মনগড়া অভিযোগ করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার।'