আমরা একটা নষ্ট সময় অতিক্রম করছি: মির্জা ফখরুল
বাংলাদেশে এখন 'ভয়াবহ ফ্যাসিবাদী আগ্রাসন' চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা নষ্ট সময় অতিক্রম করছি।
আজ বুধবার বিকেলে ঢাকায় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
তিনি বলেন, 'এখন খুব দুঃসময়। এই দুঃসময়ে আমাদের সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্তচিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। আমরা কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না। এককথায় কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি, শিল্প সবকিছু নির্বাসিত হতে চলেছে।'
'এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, একটা ভয়াবহ ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির ওপরে। একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি।'
মির্জা ফখরুল বলেন, 'এখানে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। শুধুমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার কারণে তাদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়। আজকের পত্রিকায় দেখলাম যে, ফটো সাংবাদিক কাজল তার বিরুদ্ধে তিনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিচার শুরু হয়েছে। ভালো ছবি, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় কারাগারে।'
তিনি বলেন, 'আজকে সমস্ত পৃথিবী জুড়ে দেখবেন কেমন একটা অস্থিরতা এবং ভালো জিনিসগুলো তিরোহিত হয়ে যাচ্ছে, অন্যায়-অসুন্দর সব কিছু যেন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।'
'আজকে ভিন্ন পরিবেশে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা যারা এই অনুষ্ঠানে এসেছি তার ৮০ ভাগই রাজনীতির সঙ্গে জড়িত। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন সেই ক্ষমতার লড়াই, এর জন্য যত খারাপ কাজ করা দরকার আমরা সবাই কম-বেশি করছি। এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই।'
ফখরুল বলেন, 'আমরা এখন প্রেসক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোর গলায় কথা বলছি। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আরও জোরে বলতে হবে, সোচ্চার হয়ে বলতে হবে এবং আমাদের আব্দুল মান্নান সাহেবের মতো সুস্পষ্টভাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মানুষের কথা মানুষের সামনে বলতে হবে।'
প্রয়াত আব্দুল মান্নানকে একজন 'অসাধারণ' ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।
হোটেল সোনারগাঁওয়ে বল রুমে 'মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন' এর উদ্যোগে 'বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি' গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল মান্নান তার জীবদ্দশায় কবি জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্য গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। ২০২০ সালের ৪ আগস্ট আব্দুল মান্নান মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের পরিচালনায় এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালন কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান ও প্রয়াত লেখক আব্দুল হান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বক্তব্য রাখেন।