আ.লীগের দুর্নীতির কারণে দ্রব্যের দাম বেড়েছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'সরকার এবং সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জনগণের নাভিশ্বাস উঠে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে এবং এই দুর্নীতি ঠেকাতে হলে, এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।'
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের দাবিতে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'ঢাকায় ১০০ টাকার একটি পানির প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়ন করতে ওয়াসা কর্তৃপক্ষ খরচ করছে ৩০০ কোটি টাকা। এই অতিরিক্ত খরচের টাকা উঠাতে গিয়েই তো পানির দাম বেড়ে যাবে। এভাবে প্রতিটি ক্ষেত্রে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।'
সম্প্রতি গঠিত নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, 'শেখ হাসিনার সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। যারা তাদের সহযোগিতা করেছে তারাও ভোট চোর। এই ভোট চোরের সরকার দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে পারে না।'
তিনি বলেন, 'ইভিএম ভোট চুরির যন্ত্র। এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। আওয়ামীলীগ এখন বিএনপির গণ জাগরণকে ভয় পাচ্ছে। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।তারা জনগণের নিরাপত্তা কেড়ে নিয়েছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার কোনো বাধ দিয়ে থামাতে পারবে না।'
তিনি আরও বলেন, 'তারা আমাদের জনসভা করতে দিচ্ছেনা। পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আগামীতে আমরা আর এই বাধা মানবো না। অনুমতিও নেব না। কেননা, সভা করার অধিকার একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার।'
জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক হাবিব হাসান রিন্টুসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।