আশা করি নির্বাচন কমিশন জাতির আশা পূরণে সমর্থ হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে। আমরা আশা করি, এই নির্বাচন কমিশন জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে।
সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর হানিফ আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই কথা বলেছেন।
হানিফ বলেন, আমরা মনে করি যে পাঁচ জন নিয়োগ পেয়েছেন তারা প্রত্যেকেই কর্মজীবনে অত্যন্ত দক্ষতা-সততা-যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। আমাদের প্রত্যাশা, তারা তাদের দক্ষতা-সততা দিয়ে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করে মানুষের প্রত্যাশা পূরণ করবেন।
আইনের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করা হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, এই নির্বাচন কমিশন নিয়ে আর যেন কোনো বিতর্ক তৈরি না হয়। আমরা মনে করি আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।
নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ কী, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হানিফ বলেন, আমাদের নির্বাচন কমিশনকে অনেক রাজনৈতিক দল ইচ্ছা করে বিতর্কিত করার চেষ্টা করে। সেরকম কোনো সুযোগ তারা যেন না পায় সে ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক থাকবে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে শুধুমাত্র এই বিতর্কের জন্যই বা রাজনৈতিক ফায়দার জন্য এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করা না হয়। আমরা আশা করি, এই নির্বাচন কমিশন জাতির আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে।