আ. লীগকে পরাজিত করতে না পারলে মানুষের অস্তিত্ব থাকবে না: ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের পতন না ঘটাতে পারলে জনগণের মধ্যে স্বস্তি আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তেল-গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচির সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজন সব পণ্যের মূল্য কমাতে। তাদের সিন্ডিকেটের লোভের কারণে আজ প্রত্যেকটি জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারকে যদি পরাজিত করতে না পারি, তাদের যদি ক্ষমতা থেকে সরিয়ে না দিতে পারি, তাহলে এই দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। এই দেশের মানুষের এই সরকারের প্রতি আর কোনো আস্থা নেই। একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এদিন সকাল সাড়ে ৮টা থেকেই ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং থানা কমিটির নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

নগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনশনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আবদুস সালামসহ অনেকে।