ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আ. লীগের ২ নেতাকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি এবং সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আ. লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

অব্যাহতি পাওয়া ২ নেতা হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ ও ধানসিড়ি ইউনিয়ন আ. লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ।

আজ সোমবার সকালে কবিরহাট উপজেলা আ. লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, ১৬ এপ্রিল সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আ. লীগের আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো হয়।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি বলেন, 'গত ১৫ এপ্রিল কবিরহাট উপজেলার সুন্দুলপুর গ্রামে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটূক্তি এবং সংগঠনবিরোধী বক্তব্য দেন। এতে জননেতা ওবায়দুল কাদের সাহেবের সম্মানহানীসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই সংগঠনবিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দল থেকে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'আগামী ১৫ দিনের মধ্যে কবিরহাট উপজেলা আ. লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

 তবে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কী ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে তা নোটিশে উল্লেখ করা হয়নি। 

এই বিষয়ে জানতে ধানসিড়ি ইউনিয়ন আ. লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, 'আমি অব্যাহতির কোনো চিঠি পাইনি।'

চাপরাশিরহাট ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. হানিফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা আ. লীগের সিনিয়ির যুগ্ম আহবায়ক আইনজীবী শিহাব উদ্দিন শাহীন বলেন, 'আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ এবং সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ায় আবদুল মন্নান মুনাফ ও হানিফ বিএসসিকে দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে উপজেলা আ. লীগের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছি। কটূক্তিকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আ. লীগ আমাদের যে চিঠি দিয়েছে সেই চিঠি স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশসহ কেন্দ্রে পাঠাব। এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।'