কলমাকান্দায় বিএনপির র‌্যালিতে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়।

আহতদের মধ্যে ১০ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও খারনৈ ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালি করে স্মৃতিসৌধে যাচ্ছিলেন। উপজেলা সদরে ধান মহাল এলাকায় কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে ৫০-৬০ জন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ২০ জন আহত হয়।

কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। বিএনপি মিছিল থেকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল। ফেরাতে গিয়ে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ বলেন, দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।