খালেদা জিয়াকে বার বার অপমান করা হচ্ছে: ডা. জাফরুল্লাহ

স্টার অনলাইন রিপোর্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'খালেদা জিয়াকে জামিন না দিয়ে বার বার অপমান করা হচ্ছে। উনাকে যে প্রক্রিয়ায় বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক।'

তিনি বলেন, 'খালেদা জিয়াকে বরং সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার। উনি বাইরে থেকে কী লাভ হচ্ছে? উনিতো আমাদের সঙ্গে এসে মিটিং কর‍তে পারছেন না। জনগণের হয়ে কথা বলতে পারেন না। আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ৷ আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে আনুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ হবে।'

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমা‌বে‌শে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা ব‌লেন।

দলীয় সরকারের অধীনে বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না।'

সমাবেশ থেকে আগামী ২৮ মার্চ বামপন্থী দলগুলোর হরতালে সমর্থন জানানো হয়। হরতালের সমর্থনে ডা. জাফরুল্লাহর নেতৃত্বে পরে 'ভুখা মিছিল' হয়। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাইকোর্ট মোড়, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে হোটেল ৭১ এর বিপরীতে রাস্তায় গিয়ে শেষ হয়।

image_648344148.jpg

সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন বলেন, বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের কোন তোয়াক্কা করে না। অন্যদিকে এক মন্ত্রী বলেন, 'দাম বাড়লে কী হয়েছে? সাধারণ মানুষের কেনার ক্ষমতা ৩ গুণ বেড়েছে।' সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল করা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৫ টাকার জিনিস ৫০ টাকা হয়ে যায়। জিনিস পত্রের দাম বাড়িয়ে সরাসরি জনগণের পকেট কাটা হচ্ছে। দ্রব্যমূল্যে যত বাড়ে ভ্যাট ট্যাক্স তত বাড়ে, সরকারের কোষাগারে টাকা জমা হয়। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতে সুবিধা হয় সরকারের লোকদের, নিজেদের পকেট ভরতে পারে তারা। এসব অন্যায় অবিচার বর্তমান সরকার চালাতে পারছে কারণ তারা জনগণকে তোয়াক্কা করে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ূম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সদস্য নঈম জাহাঙ্গীর, আক্তার হোসেন, ডিসেম্বর এল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, ভাসানী অনুসারী পরিষদের ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, অটোরিকশা শ্রমিক নেতা মোজাম্মেল হক প্রমুখ।