খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়াতে আইনমন্ত্রীর সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

স্টার অনলাইন রিপোর্ট

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আজ এই মতামত দিয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেছেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াতে যে আবেদন করা হয়েছে তাতে আমি মতামত দিয়েছি। আমি বলেছি, আগের শর্ত বহাল রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো যেতে পারে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'তিনি (খালেদা জিয়া) বিদেশে যেতে পারবেন না।'

আইনমন্ত্রী তার সুপারিশসহ নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন জানিয়ে বলেন, 'এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি করা হবে। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা হয়েছে।'

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যান। এই মামলায় ঢাকার একটি বিশেষ আদালত তাকে ৫ বছরের সাজা দেন। পরের বছর হাইকোর্ট এই মামলায় আপিল খারিজ করে সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করেন।

২০২০ সালের ২৫ মার্চ সরকার প্রথম দফায় খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে। এর পর থেকে দফায় দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার।