গাইবান্ধায় বামজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় সময় টিভির চিত্রসাংবাদিকসহ বামজোটের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া, মিছিল থেকে বাম গণতান্ত্রিক জোটের ৩ সংগঠককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

আটককৃতদের মধ্যে আছেন নারী মুক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, যুব ইউনিয়নের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রানু সরকার এবং গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার।

আজ রোববার সন্ধ্যায় ৭টায় শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় মিছিলে বাঁধা দেয় পুলিশ। আসাদুজ্জামান মার্কেট এবং পরবর্তীতে কাচারীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ২ দফা লাঠিচার্জ করে পুলিশ।

এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের হামলার মুখে পরেন গাইবান্ধা সময় টিভির চিত্র সাংবাদিক আতাউল হক সাগর।

আতাউল হক সাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিছিলে হামলার সময় আমি ভিডিও ধারণ করছিলাম। এ সময় পুলিশ আমাকে ভিডিও ধারণ করতে নিষেধ করে। তাদের কথা না শোনায় আমার কোমর থেকে পায়ের নিচের দিকে লাঠি দিয়ে পিটাতে থাকে। এখন চিকিৎসা নেওয়ার জন্য আমি হাসপাতালে এসেছি।'

এ বিষয়ে গাইবান্ধা কমিউনিস্ট পার্টির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমে ১ নম্বর রেলগেইটে পুলিশ আমাদের অফিসের চারপাশে ঘেরাও করে বাধা দেয়। পরবর্তীতে মিছিল বের করলে আসাদুজ্জামান মার্কেট এবং কাচারীবাজার এলাকায় পুলিশ ২ দফা লাঠিচার্জ করে। এতে আমাদের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন।'

'মিছিল থেকে ৩ জন নেতাকে আটক করে নিয়ে গেছে পুলিশ,' যোগ করেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদেরকে মশাল মিছিল করতে নিষেধ করা হয়েছিল। তাদের ওপর হামলা বা লাঠিচার্জ করা হয়নি। মিছিল থেকে ৩ জনকে থানায় নিয়ে আশা হয়েছে। তবে আটক করা হয়নি।'

সাংবাদিককে কেন পিটিয়েছে পুলিশ—জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন ওসি।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।'

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। সে হরতালের সমর্থনে আজ জেলায় জেলায় মিছিল বের করে তারা।