ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আ. লীগ কর্মীদের বিরুদ্ধে
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হামলায় ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তাদের মধ্যে আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন, দৈনিক ইত্তেফাক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলা২৪-এর ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, রাইজিং বিডির প্রতিনিধি মহিউদ্দীন তালুকদার হিমেল এবং ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নবেল কুমার সিংহ এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা মন্ডল পাড়ায় মিল চাতালে একই সময়ে আজ বিকেলে সভা আহ্বান করায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।
খবর সংগ্রহে দুপুরে স্থানীয় চার সাংবাদিক মন্ডলপাড়ায় পৌঁছালে নৌকা সমর্থকদের হামলার উদ্দেশ্যে গাছের ডাল সংগ্রহ করতে দেখেন। এসময় ছবি তুলতে শুরু করলে তারা সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে পেটায়।
এসময় গ্রামবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
দ্য ডেইলি স্টারকে আহত সাংবাদিক তানভীর হাসান তানু ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, তারা স্থানীয় পুলিশকে বারবার ফোন করলেও আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো সহযোগিতা করেনি।
হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি মো. মনছুরসহ অন্যান্য নেতারা হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
ঘটনা সম্পর্কে জানতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নবেল কুমার সিংহকে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।