তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।'

আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীতে একটি বেসরকারি হাসপাতালের 'ক্যাথল্যাব' উদ্বোধনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'বিএনপি সবসময়ই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে এবং আসার চেষ্টা করছে। তারা এই ব্যবস্থা (তত্ত্বাবধায়ক সরকার) কুক্ষিগত করতে চেয়েছিল। পরতে পরতে বেআইনি কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা এখন গণতন্ত্র শেখাতে চায়। তাদের মুখে এমন কথা দুঃখজনক।'

তিনি আরও বলেন, 'বিশ্বের অনেক দেশেই নির্বাচন কমিশন নেই। খোদ আমেরিকায় কোনো নির্বাচন কমিশন নেই। যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচন করে। আমরা এ দেশে নির্বাচন কমিশন করি যাতে স্বচ্ছ নির্বাচন হয়। কারণ আমরা সবসময় গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী।'

'নির্বাচন করতে চাইলে নির্বাচনের পথে আসতে হবে, জনতার কাছে আসতে হবে। জনতাই ভোটের মালিক, দেশের মালিক। স্বচ্ছ ইলেকশন কমিশন হবে, সেই কমিশনের মাধ্যমে যে নির্বাচন হবে, সেটা অবশ্যই স্বচ্ছ হবে,' যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।