দেশ এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত: মান্না

নিজস্ব সংবাদদাতা, সাভার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ এখন জাতীয়, আন্তর্জাতিকসহ সবভাবেই নিন্দিত।

আজ শনিবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, 'দেশে কোনো গণতন্ত্র নেই। অথচ স্বাধীনতা সংগ্রাম শুরুই হয়েছিল গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আঁস্তাকুড়ে চলে গেছে।'

তিনি আরও বলেন, '৫৪ হাজার বর্গমাইলের ভেতর এখন ১৮ কোটি মানুষ বাস করে। অনাহারে মারা যাওয়ার ঘটনা খুব কম, এটা একেবারেই হচ্ছে না। আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, জিডিপি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু আমরা সমৃদ্ধ বলতে যেটা বুঝি সেটা বর্তমান অর্থনৈতিক ধারণা অনুযায়ী আগের মতো নেই। মাথাপিছু আয়ের সঙ্গে আরও অনেকগুলো সূচক আছে, যেগুলোর কোনোটাই ঊর্ধ্বমুখী তো নয়ই বরং সবই নিম্নমুখী। দেশে এখন সীমাহীন বৈষম্য, দারিদ্র বেড়েছে, চাকরি নেই, দুঃশাসনের সাম্রাজ্য গড়া হয়েছে।'

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে তা আকাশে ঠেকবে উল্লেখ্য করে তিনি বলেন, 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অনেকগুলো ইতিবাচক পথ আছে। সরকার সেগুলোর কোনোটাই করছে না। পত্র-পত্রিকাতেই দেখা যায়, টিসিবিতে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্যাকেজ আকারে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকেরই ৬টি পণ্যই লাগে না। টিসিবির পণ্য দিতে সরকার যে ভর্তুকি দিচ্ছে সেটা যদি নগদ দিয়ে দিতো তাহলে ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারতো।'

'নিত্যপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট আওয়ামী লীগ নেতারা নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট এখনই ভেঙে দিতে হবে। তা না হলে দেশে দুর্ভিক্ষ, গণবিক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে,' যোগ করেন তিনি।