দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীরা হেসে হেসে কথা বলেন: মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, অথচ সরকারের মন্ত্রীরা বিষয়টিকে নিয়ে হেসে হেসে কথা বলছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। অথচ, সরকার সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলছে—দাম যেমন বেড়েছে, আয়ও তো বেড়েছে। কি ভয়াবহ কাণ্ড!

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টাকে আড়াল করতে সরকার 'জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে' বলেও অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল। 'কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে?'

বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 'আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা আর আমার যে ভাই আয় করে মাসে ৫ হাজার টাকা—এই দুটা কি এক? এই দুইটা মিলিয়ে যদি দুই ভাগ করেন তাহলে কিন্তু ওর মাথাপিছু আয় আসবে ২৫ হাজার, আমার ২৫ হাজার। বাস্তবে তার আয় তো ২৫ হাজার নয়।'

দেশের ৯০ ভাগ মানুষের আয় কম দাবি করে ফখরুল বলেন, সরকার আজ অবলীলায় মানুষকে প্রতারণা করে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল আরও বলেন, 'আমাদের জাতিকে যদি রক্ষা করতে হয়, আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের যে গণতান্ত্রিক-সার্বভৌম-সমৃদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

'সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় স্বৈরতান্ত্রিক সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যে কথাটা আমাদের মওদুদ আহমদ সব সময়ই বলতেন।'

'স্বাধীনতা ফোরাম' আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, মওদুদ আহমদের সহধর্মিণী অধ্যাপক হাসনা মওদুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরীসহ স্বাধীনতা ফোরামের নেতারা বক্তব্য রাখেন।