দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: মির্জা ফখরুল
দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে 'পালাবার পথ খুঁজে পাবেন না' বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার নয়া পল্টনে সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, 'এই অবৈধ সরকারের দিন শেষ। আমরা হাসিনা এবং তার সরকারকে বলতে চাই- এখনো সময় আছে, পদত্যাগ করুন, দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।'
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ নয়াপল্টনে র্যালি করেছে বিএনপি। র্যালির আগে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে ভাষণ দেন মির্জা ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা। সমাবেশের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে বিজয় নগর, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সরকারকে হুঁশিয়ার করে সমাবেশে মির্জা ফখরুল বলেন, 'আপনারা পালাবারও পথ খুঁজে পাবেন না। সকল স্বৈরাচার-ফ্যাসিবাদীর যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে।'
তিনি বলেন, 'স্বাধীনতার ৫০ বছরে মানুষ এই বলে আক্ষেপ করছে যে স্বাধীন হয়ে আমরা কী পেলাম। আজ আমাদের কথা বলার স্বাধীনতা নেই, নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবার স্বাধীনতা নেই, মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার নেই।'
'আজকে অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে, চাল-ডাল-তেল-লবণ সব কিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে, সাধারণ মানুষ তা কিনতে পারে না। জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। আবার নাকি গ্যাসের দাম বাড়াবে।'
বিএনপির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, 'এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে সকল অন্যায়কে পরাজিত করতে হলে, গণতন্ত্র ফিরে পেতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।'
র্যালি উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীর মিছিল নিয়ে পল্টন এলাকায় আসেন। সমাবেশ শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই জমায়েত ফকিরাপুল থেকে কাকারাইলের নাইটিঙ্গেল মোড় ছাড়িয়ে যায়।
বিএনপির র্যালির কারণে দুপুর ১টা থেকে নয়া পল্টনের সড়কে যান চালাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে মতিঝিল, কাকরাইল, শাহজাহানপুর, শান্তিনগরসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। র্যালি উপলক্ষে এই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।