নাগরিক ঐক্যের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ মান্নার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ভাটারা এলাকায় নাগরিক ঐক্যের মিছিলে পুলিশ বাধা দিয়েছে এমন অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার সন্ধ্যায় তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তিনি এ অভিযোগ করেন।

মান্না আরও বলেন, কর্মসূচিতে ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালালে নাগরিক ঐক্যের কয়েকজন সদস্য আহত হন।

অমর একুশে উপলক্ষে আগেই ভাটারা এলাকায় মাদানী এভিনিউয়ে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। আজ আনুমানিক সকাল সাড়ে ১১টায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং মঞ্চ ভেঙে ফেলে, বলেন মান্না।

পুলিশ জানিয়েছে, অনুমতি না নিয়েই তারা কর্মসূচি পালনের চেষ্টা করে।

মান্না আরও বলেন, পুলিশ বাধা দেওয়ার পরও আমরা কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বিরোধী বিভিন্ন দলের নেতারা বিকেল ৪টার দিকে কর্মসূচিতে যোগ দিতে আসেন। সে সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের কর্মসূচি পণ্ড করতে মিছিল শুরু করে। তারা আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি হাতে হামলা চালায়। ক্ষমতাসীন দলের লোকজনের হামলায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। নাগরিক ঐক্য ঢাকা দক্ষিণের সেক্রেটারি রাজ্জাক শরীফ মাথায় আঘাত পেয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তারা আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমরা একটি ভবনে আশ্রয় নিই। পরে পুলিশ প্রহরায় আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

যোগাযোগ করা হলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান মিছিলে বাধা দেওয়া ও মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, অনুমতি না নিয়েই নাগরিক ঐক্য কর্মসূচি পালন করছিল। বিকেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ওই এলাকায় মিছিল বের করেছিল। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।