নির্বাচনে জিতে এলে বিএনপিকে অভিনন্দন জানাব: কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সিলেট

আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপির দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং নির্বাচনে জিতে আসতে পারলে বিএনপিকে অভিনন্দন জানাবেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিসিক শিল্প নগরীতে কৃষিযন্ত্রপাতি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। অনেকেই নাম দিয়েছে, এসব নাম থেকে বাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠিত হবে।'

তিনি আরও বলেন, 'সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপির নির্বাচনে আসার ব্যাপারে আমরা আশাবাদী। নির্বাচনে না এসে সন্ত্রাস করে তারা কোনোদিনও সরকারের পতন ঘটাতে পারবে না।'

কৃষিমন্ত্রী বলেন, '২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালে দেশের অর্থনীতি ভেঙে পড়ে। দেশের গণতন্ত্র চরমভাবে অনিশ্চয়তায় পড়েছিল, জঙ্গিবাদের উত্থানে জননিরাপত্তা বিঘ্ন হয়েছে। তারা কাকে নিয়ে আন্দোলন করবে? আন্দোলন করতে জনসমর্থন লাগে। তাদের সেই জনসমর্থন নেই। নির্বাচনে অংশ নিয়ে তাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং তারা জিতে এলে তাদেরকে অভিনন্দন জানাব।