নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল
নতুন নির্বাচন কমিশন নিয়ে কোনো আগ্রহ না থাকার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, 'নতুন সিইসি বা কমিশনার কারা হলেন এটা নিয়ে আমাদের কোনো আগ্রহই নেই। এটা নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না।'
'আমাদের মূল কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।'
মির্জা ফখরুল বলেন, 'দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না তা তো ২০১৪ সালের নির্বাচন বলুন, ২০১৮ সালের নির্বাচন বলুন, স্থানীয় সরকার নির্বাচন বলুন—সবগুলো নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ হয়, তাদের অনুগত হয়ে কাজ করে। তাই সরকারে আওয়ামী লীগ থাকলে নির্বাচন কোনোভাবেই নিরপেক্ষ হবে না—এটা চিরন্তন সত্য।'
'আমাদের দলের অবস্থান পরিষ্কার—নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না।'